মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা নিতে গিয়ে লক্ষ্মীপুরের এক প্রবাসীর আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত অরুণ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের সোলেমান হায়দার ও ছালেহা বেগমের পুত্র।
জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রী মোসাম্মাৎ শাহানাজ শরীফকে সঙ্গে নিয়ে ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ট্রাভেল পারমিট ইস্যুর প্রক্রিয়া শুরু করে।
কিন্তু হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। পরে অ্যাম্বুলেন্সে থাকা প্যারামেডিক নার্স তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিষয়টি মালয়েশিয়ান পুলিশকে জানানো হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
মেডিকেল সূত্রে জানা গেছে, সম্প্রতি অরুণ মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রার ডায়াবেটিসে ভুগছিলেন।
বাংলাদেশ হাইকমিশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।