মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
মুক্তমত

কেন ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী হিসেবে বিবেচনা করা উচিত

আগামীকাল নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। এ প্রেক্ষাপটে আমি আমার নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী হিসেবে বিবেচনার পক্ষে যুক্তি উপস্থাপন করতে চাই।

ড. রেজা কিবরিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এ জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় বাজেট প্রণয়ন, রাজস্ব কাঠামো উন্নয়ন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তাঁর রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

পেশাগত জীবনে তিনি কম্বোডিয়া, ঘানা, কুয়েত ও পাপুয়া নিউগিনি-এর সরকারকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় উপদেষ্টা হিসেবে সরাসরি সহযোগিতা করেছেন। এছাড়া আরও বহু দেশের অর্থমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে, যা তাঁকে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় সুদক্ষ করে তুলেছে।

বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রয়োজন দক্ষ, আন্তর্জাতিকভাবে সংযুক্ত ও নীতিগতভাবে দৃঢ় নেতৃত্ব। ড. কিবরিয়ার আন্তর্জাতিক নেটওয়ার্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারের সঙ্গে যোগাযোগ, অর্থনৈতিক কূটনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে, একটি পরীক্ষামূলক সময়ের জন্য হলেও তাঁকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তাঁর পেশাগত দক্ষতার বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি হবে। একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের দায়িত্ব পেলে তিনি তাঁর সক্ষমতার প্রমাণ দিতে পারবেন—এমনটাই আমার বিশ্বাস।

দেশের স্বার্থে, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ড. রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী হিসেবে বিবেচনা করা হলে জাতীয় অর্থনীতি উপকৃত হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

লেখক: এম. এ. আহমদ আজাদ
গণমাধ্যমকর্মী ও সিনিয়র সাংবাদিক

এই সম্পর্কিত আরো