ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।ভিডিও সংবাদ ফিচার
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সে আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা চালুর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে ভারত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের ডিজেল দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে ভিসা নিয়ে আলাপের কথা জানিয়ে হুমায়ূন কবির বলেন, ‘মেডিকেল, বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতকে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেওয়া হয়েছে জানিয়ে হুমায়ূন কবির বলেন, ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।’বাংলাদেশের খবর
বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং।’
জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত দুই আসামিকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি, তবে ব্যাপারটি বিবেচনাধীন আছে।’
বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষে আছে, তাই বড় গলায় কথা বলতে পারি। দেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না।’