চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিরাজ, মামুন, অপু দাস, জমশেদ ও জাহিদ হাসান।
পুলিশ জানায়, প্রবর্তক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ছয়জনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে পাঁচজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। অপর ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘প্রবর্তক এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাঁচজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।